বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর কেন্দ্রীয় সভাপতি এবং লায়ন মো: আবুল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সোহাগ ভূঁইয়া, ফৌজি হাসান খান রিকুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের ন্যায্য দাবি, অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, সংগঠনের ১০ম জাতীয় কাউন্সিলে নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি সভা গত ১৪ ও ১৫ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের নভেম্বর মাসে ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই শেষে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করে।
এছাড়া আগামী ১ থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপনের পূর্বে দেশের বাকি সাতটি বিভাগে বিভাগীয় সমাবেশ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে সকল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো হয়।