এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাব’র উপ-সহকারী পরিচালক মোঃ মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনার দুই দিন পর মামলা হয়েছে।
মামলার সূত্রে পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
২১ জানুয়ারি (বুধবার) রাতে র্যাব এর এক কর্মকতা মামলাটি দায়ের করেন।
মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় জঙ্গল সলিমপুরের বাসিন্দা মোঃ ইয়াসিন নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ। এর মধ্যে দু’জন এজাহারভুক্ত এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শাকিলা ইয়াসমিন সূচনা।
তিনি বলেন, এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।