রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হয় বলে চ্যালেঞ্জ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন গাড়িচালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি চ্যালেঞ্জ করে এ কথা বলেন।
তিনি আক্ষেপ করে বলেন, আমি ১০টা মাস যাবৎ যতবার ফোন করছি একটা স্ক্র্যাপ পলিসির জন্য, আমি জানি না ফাওজুল ভাই কতবার ফোন করেছেন। গত অক্টোবরের ২৮ তারিখে যেই স্ক্র্যাপ পলিসি ফাইনাল হয়ে যাওয়ার কথা, সেটি এখনও হয়নি। আমরা যদি কয়েকটা দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠিন না হই, আর কেউ কঠিন হবে না।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বেরচ্ছে। তারা মেইটেন্যান্সে যাবে। সেখানে বিআরটি-এর একটা বড় দায়িত্ব আছে। এটা পালন করার একটা সমন্বিত উদ্যোগ হতে হবে। যাদের পুরোনো বাস আমরা বলছি না আজকেই সরে যান, কিন্তু আমরা তো সময় দিচ্ছি আপনারা অন্তত দয়া করে মেনটেন্যান্সটা করেন। পুরোনো বাস বদলাতে বুঝলাম সময় লাগবে। আর কত সময়? ৫৪ বছর হয়ে গেছে, না? আরও সময় লাগবে? আর তো সময় লাগার কোনো কারণ নাই।
পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা আজকে যে প্রশিক্ষণটা শুরু করেছি বিআরটিএ সব চালকদের জানাবেন তাদের আসলে দায়িত্বশীলভাবে কেমন করে গাড়ি চালাতে হবে। যখন হর্ন বাজানো বন্ধ করবেন, তখন গাড়ির গতিও কমে আসবে। দুর্ঘটনাও কমে যাবে। এটা কোনো বিরক্তের জায়গা না। আর কোনো জায়গায় ক্ষমতা দেখাইতে পারি না, গাড়িতে উঠে হর্ন বাজানো শুরু করব। এটার জন্য মানুষের কষ্ট হয়।