এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রাম ও মেহেদীনগর এলাকায় স্থানীয় প্রভাব বিস্তার কারী একটি চক্র অবৈধভাবে হিঙ্গুলী খাল থেকে দীর্ঘ দিন যাবত বালু উত্তোলন করে চুটিয়ে ব্যবসা করে রাতারাতি মোটা অঙ্কের টাকার মালিক বনে যাচ্ছে।
নির্বিচারে বালু উত্তোলনের কারণে ওই এলাকার মানুষ, রাস্তা এবং ঘর-বাড়ি হুমকির মধ্যে পড়ে রয়েছে।
স্থানীয় জনসাধারণ জানায়, মেহেদীনগর ফরেস্ট অফিসের পাশেই খালের বুক চিরে তোলা হচ্ছে বালু। এতে করে ফসলি জমি যেমনি বিলীন হয়ে যাওয়ার পথে, ঠিক তেমনি ভাঙনের হুমকিতে রয়েছে স্থানীয় মসজিদ এবং সাধারণ মানুষের একমাত্র চলাচলের রাস্তা। এমন কি কয়েকটি ঘর-বাড়ি ও হুমকির মধ্যে রয়েছে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ- বালু উত্তোলনের কারণে মাটির গভীরতা কমে যাওয়ায় আগামী বর্ষা মৌসুমের আগেই বড় ধরনের ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ কল্পে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
তা না করলে যে কোনো মুহুর্ত্বে ফরেস্ট অফিস সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালের গর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।