সুদানের করদোফান অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং আরো বহু আহত হয়েছেন বলে গত সোমবার একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে।
নাগরিক হতাহতের ঘটনা পর্যবেক্ষণকারী সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ জানায়, রবিবার উত্তর করদোফান প্রদেশের সুদ্রি এলাকায় বাজারের ব্যস্ত সময়ে এ হামলা হয়। এতে মানবিক সংকট আরো তীব্র হয়েছে। সংগঠনটি আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বিবৃতিতে তারা আরো বলে, ‘বসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোন ব্যবহারের ঘটনা বেসামরিক জীবনের প্রতি গুরুতর অবহেলা প্রকাশ করে এবং এটি প্রদেশের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ এক ধরনের উত্তেজনা বৃদ্ধি নির্দেশ করে। আমরা উভয় পক্ষকে সব ধরনের ড্রোন হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাই।’ ইমার্জেন্সি লইয়ার্স দাবি করেছে, সেনাবাহিনীর ড্রোন থেকেই এ হামলা চালানো হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সামরিক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, সেনাবাহিনী বেসামরিক স্থাপনায় হামলা চালায় না এবং তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
এর ঠিক এক সপ্তাহ আগে রাহাদ শহরের কাছে আরেকটি ড্রোন হামলায় বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি গাড়িতে আঘাত হানে, এতে আটজন শিশুসহ অন্তত ২৪ জন নিহত হন। এর আগের দিন বিশ্ব খাদ্য কর্মসূচির একটি ত্রাণবাহী বহরও হামলার শিকার হয়।