আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ ও ফেসবুক আইডি উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তানভীর হাসান জোহা বলেন, মঙ্গলবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি আনুষ্ঠানিকভাবে ফেরত পাই আমরা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে, গত ১৮ মার্চ তার ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অজ্ঞাত হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। এ ঘটনায় ২৪ মার্চ রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করা হয়। এতে বলা হয়, গত ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি-কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকেও (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছিল।