যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা বা ‘শাটডাউন’ অবশেষে শেষ হতে যাচ্ছে। বুধবার প্রতিনিধি পরিষদে পাস হওয়া সমঝোতা প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে এই অচলাবস্থা নিরসনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ২২২ ভোট এবং বিপক্ষে ২০৯ ভোট পড়ে। ছয়জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় প্রস্তাবটি পাস হয় বলে জানিয়েছে বিবিসি।
এর আগে সোমবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট একই প্রস্তাব অনুমোদন করে। পরবর্তী সময়ে প্রতিনিধি পরিষদের অনুমোদন ও ট্রাম্পের স্বাক্ষরে চূড়ান্ত হয় চুক্তিটি।
৪৩ দিন ধরে চলা এই শাটডাউনে হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন। অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়, কেউ কেউ আবার চাকরি হারানোর মুখে পড়েন।
হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবটিতে স্বাক্ষর করার পর যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি শাটডাউন শেষ হলো।