শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০টির বেশি বাড়ি। এ অবস্থায় কিছু এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল এবং সড়কপথ বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় অবস্থানকারী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে কলম্বোর বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার হাইকমিশনের জরুরি বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ হাইকমিশন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।
বার্তায় বলা হয়, কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন; আবাসস্থল কিংবা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোনো জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে হটলাইনে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি হটলাইন নম্বর: +৯৪ ৭১ ৭৬০ ৬৩৯৪, +৯৪ ৭১ ৩৬৮ ০৪৬১”
বার্তায় আরও বলা হয়েছে, আমরা বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ করছি— অনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।