সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টা ১১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)।
এনসিএম জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে আরব সাগরে সৌদি সীমান্তের কাছাকাছি একই মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, আরবিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের পারস্পরিক সংঘর্ষের ফলে আরব উপসাগরীয় অঞ্চলের পুরোনো ফল্ট লাইনে চাপ সৃষ্টি হয়, যা এ ধরনের ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলের আশপাশের দেশগুলো—বিশেষ করে ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। চলতি বছরের ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার এবং ২২ নভেম্বর ইরাকে ৫.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। গত আগস্টে ওমানের মাদহা অঞ্চলে ২.২ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছিল।