কামাল উদ্দিন জয়, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ-এ প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।