এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে গুলি করে মুহাম্মদ করিম (৩৫) নামের এক যুবদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
নিহত করিম উরকিরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হারপাড়া গ্রামের মুহাম্মদ শফি উদ্দিনের পুত্র। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে দলীয় সূত্র জানায়।
স্থানীয় অধিবাসীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে করিম কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন। এ সময় পাশের পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন ব্যক্তি বাজারে আসেন। তারা করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যান।
রাত ১০টা পর্যন্ত করিমের মরদেহ বাজারের সড়কের পাশে উপুড় অবস্থায় পড়ে ছিলো।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গুলিতে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিক তা জানা যায়নি। তবে, আমরা মাত্র ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি।’
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত ও ঘটনার পেছনের বিরোধ ছিলো কি না তা খতিয়ে দেখছেন বলে ও জানান দেন ওসি।
উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী বাজারের চৌমুহনী এলাকায় একদল অস্ত্রধারী গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৮) ও হত্যা করেছিলো।
বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় ও একের পর দলীয় নেতা কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় দলের অন্যান্য নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।