ব্রাজিল দলে একসময়ের নিয়মিত মুখ নেইমার জুনিয়র। তবে ইনজুরির কারণে প্রায় ২ বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। অবশেষে নেইমারের অপেক্ষা ফুরোচ্ছে। আগামী সোমবার বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল জাতীয় দল ঘোষণা করা হবে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সেখানে নেইমারকে দেখা যেতে পারে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’।
আসন্ন বিশ্বকাপ বাছাই উইন্ডোর দুই ম্যাচের জন্য এরই মধ্যে প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন ব্রাজিলের কোচ আনচেলত্তি। প্রাথমিক তালিকার খেলোয়াড়দের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অবহিত করেছেন তিনি। গ্লোবো জানিয়েছে, আনচেলত্তির প্রাথমিক তালিকায় নেই ভিনিসিয়ুস জুনিয়র। তার দল থেকে বাদ পড়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে সংবাদমাধ্যমটি।
বিশ্বকাপ বাছাইয়ে গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান ভিনিসিয়ুস। ফলে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় শুধু বলিভিয়া ম্যাচের জন্য ভিনিসিয়ুসকে জাতীয় দলে ডাকতে চান না আনচেলত্তি। তাই রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রামের রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ।