এক বছর পর আবারও হ্যাটট্রিকের দেখা পেল লিওনেল মেসি, আর তার সেই জাদুকরি পারফরম্যান্সে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে বিধ্বস্ত করে প্লে-অফ নিশ্চিত করল ইন্টার মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৬৫ পয়েন্ট নিয়ে তারা উঠেছে তৃতীয় স্থানে।
বাংলাদেশ সময় আজ (১৯ অক্টোবর) ভোরে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ৩৪ মিনিটে প্রথম গোল করেন মেসি, এরপর বিরতির আগে সারিজের গোলে সমতা ফেরায় ন্যাশভিল। যোগ করা সময়ে জ্যাকব শ্যাফেলবার্গের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে মেসির ফুটবল জাদুতে পুরো ম্যাচের চিত্রটাই পাল্টে যায়।
৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মেসি। এরপর ৬৭ মিনিটে বালতাসার রদ্রিগেজের গোলে লিড নেয় মায়ামি। ৮১ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা। যোগ করা সময়ে তেলাস্কো সেগোভিয়ার গোল মায়ামির জয় নিশ্চিত করে ৫-২ ব্যবধানে।
এ ম্যাচের মাধ্যমে মায়ামির জার্সিতে এটি মেসির দ্বিতীয় হ্যাটট্রিক এবং পেশাদার ক্যারিয়ারের ৬০তম। এবারের এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ২৯ গোল ও ১৯ অ্যাসিস্টসহ মোট ৪৮ গোলে অবদান রেখেছেন তিনি—যা লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
২০২৪ সালের ১৯ অক্টোবরের পর ঠিক এক বছর পর একই দিনে আবারও হ্যাটট্রিক করে যেন সময়কেও থামিয়ে দিলেন ফুটবলের এই মহাতারকা। এমএলএসের প্লে-অফের প্রথম রাউন্ডেই আবারও ন্যাশভিলের মুখোমুখি হবে হাভিয়ের মাশ্চেরানোর ইন্টার মায়ামি।