নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে আজ লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।
বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেটের দারুণ জয় দিয়ে শুভ সূচনা করলেও এরপর টানা চার ম্যাচে হারের মুখে পড়ে টাইগ্রেসরা। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের ফলে সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।
বর্তমানে ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে শেষ দুই ম্যাচে জয় পাওয়া ছাড়া বিকল্প নেই জ্যোতিদের। পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।
তবে গতকাল ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর বাংলাদেশের সম্ভাবনা কিছুটা বেড়েছে। আজ যদি টাইগ্রেসরা শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে সেমির দৌড়ে টিকে থাকবে বাংলাদেশ। তবে হারলে কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, “শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে আগের ম্যাচগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি। শেষ দুই ম্যাচ থেকে ইতিবাচক কিছু বিষয় অর্জন করেছি, এবার সেটিই কাজে লাগাতে চাই।”
অন্যদিকে, শ্রীলঙ্কা এখনও জয়ের মুখ দেখেনি। তারা ৫ ম্যাচে ৩টিতে হেরেছে এবং ২টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে লঙ্কানরা। আজকের ম্যাচে জয় পেলে সেমিফাইনালের আশায় ফিরবে তারাও।
এখন পর্যন্ত ওয়ানডেতে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল—দুইবার হেরেছে বাংলাদেশ, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।