উত্তর-পূর্ব জাপানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির।
জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার।
ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়, যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে। উপকূলে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে কিছু ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং হাজারো বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, আগামী কয়েক দিনের মধ্যে আরো শক্তিশালী আফটারশক (পরবর্তী কম্পন) হতে পারে।
তাই অন্তত এক সপ্তাহ নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত জনগণকে উদ্দেশ করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ‘সবাইকে যেন প্রতিদিনের ভূমিকম্প প্রস্তুতি নতুন করে যাচাই করা হয়, যেমন—আসবাবপত্র শক্তভাবে রাখা এবং কম্পন অনুভূত হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখা।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ৯০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আওমোরি প্রিফেকচার সরকারের তথ্য অনুযায়ী, প্রায় ২,৭০০ বাড়ি এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
এ ছাড়া, পূর্ব জাপান রেলওয়ে কম্পানি উত্তর-পূর্ব উপকূলীয় অঞ্চলের কয়েকটি রুটে ট্রেন চলাচল স্থগিত করেছে।