বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছেন দর্শকদের মন। তবে তার সাম্প্রতিক একটি নাটকের ‘মেহরিন’ চরিত্রটি যেন দর্শকদের মনে একটু বেশিই জায়গা করে নিয়েছে। মেহরিন হিসেবে তার সাবলীল অভিনয় এতটাই মুগ্ধ করেছে যে, দর্শকরা তাকে এখন অন্য কোনো রূপে দেখতেই নারাজ।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা ও দর্শকদের অভূতপূর্ব সাড়া নিয়ে কথা বলেন কেয়া পায়েল। তিনি জানান, নাটকটির পরিচালক তাকে মেসেজ করে দর্শকদের এই বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন।
পরিচালক আমাকে জানিয়েছেন, দর্শক মেহরিন হিসেবে আমাকে এত ইতিবাচকভাবে গ্রহণ করেছে যে, তারা এই মুহূর্তে অন্য কোনো চরিত্রে আমাকে দেখতেই চাচ্ছেন না। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।’
দীর্ঘদিন ধরেই নাটকের আঙিনায় নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। তবে তার মতে, এই কাজটি তার আগের অনেক সাফল্যকেই ছাড়িয়ে গেছে। এর নেপথ্য কারণ হিসেবে তিনি নাটকটির শক্তিশালী পারিবারিক আবহকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘মেহরিন নামটা সত্যিই খুব সুন্দর। এই নামে কেউ ডাকলে আমার বেশ ভালো লাগে। কিন্তু দিনশেষে আমি পর্দার মেহরিন হলেও বাস্তবে কেয়া পায়েল।