ফজলুল করিম সবুজ,নওগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ব্যাপক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ডা. ইকরামুল বারী টিপু। সাধারণ ভোটারদের মধ্যে এখন তাকে মন্ত্রিসভায় দেখার প্রত্যাশা জোরালো হয়ে উঠেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. টিপু মোট ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট। ফলে ৩৬ হাজার ৯৮৭ ভোটের বিশাল ব্যবধানে জয় লাভ করেন তিনি।
ভোটগ্রহণের দিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত ও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যে ছিল স্বস্তি ও সন্তোষের ছাপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি পুরো প্রক্রিয়াকে করে তোলে আরও সুশৃঙ্খল ও নিরাপদ।
ফলাফল ঘোষণার পর মান্দা উপজেলা-র বিভিন্ন এলাকায় আনন্দের জোয়ার বইতে থাকে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ ও উচ্ছ্বাসের মাধ্যমে বিজয় উদযাপন করেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসিয়ে দেন সমর্থকরা।
এদিকে সাধারণ ভোটারদের একটি বড় অংশের প্রত্যাশা—বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এবং দীর্ঘদিন এলাকার উন্নয়নে সম্পৃক্ত থাকার কারণে ডা. টিপুকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তাদের মতে, মন্ত্রিত্ব পেলে এলাকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে উন্নয়ন আরও গতিশীল হবে। তবে মন্ত্রিসভা গঠন ও দায়িত্ব বণ্টনের বিষয়টি সম্পূর্ণরূপে দলীয় সিদ্ধান্তের ওপর।