এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থেকে নির্বাচিত জামায়াতে ইসলামী মনোনীত এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে সেনা বাহিনী।
সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে মোঃ ফখরুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরের দিকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বেনজিরি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার নাজির এর নের্তৃত্ব একটি টহল পিক-আপ গিয়ে তাকে সাতকানিয়া আর্মি ক্যাম্পে নিয়ে আসেন।পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সৈনিক হিসেবে পরিচয় দিলে ও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির বিষয়টি নিজে স্বীকার করেন।
তল্লাশির সময় তার কাছ থেকে বাংলাদেশ আর্মি লোগো দিয়ে স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, একটি আর্মি মানি ব্যাগ, একটি ভিআইপি ক্যাপ, বিভিন্ন র্যাংকের ৪ টি ছবি, একটি ব্লুটুথ হেড ফোন, বিভিন্ন কোম্পানি কার্ড, একটি আর্মি ছুটির সনদ পত্র, দু’টি চেতনা ও মূল্য বোধ, একটি ঘড়ি ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নবনির্বাচিত সাংসদ শাহজাহান চৌধুরীর সাথে এনএসআই পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন। আটকের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।