এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশী সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।
১৪ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৯ টার দিকে সীতাকুণ্ডের কুমিরা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে এ পণ্যগুলো জব্দ করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশী সিগারেট পাচারের গোপন তথ্য পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।
অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও ১ হাজার ২৯৮ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করা হয়।
তবে, কাভার্ড ভ্যান চালক ও হেলপারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যান সহ তাদের ছেড়ে দেয়া হয়।
জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয় বলে ও জানান দেন মিডিয়া কর্মকর্তা।