লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর মোহাম্মদ আলীর বাড়িতে মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। পরিবার ও এলাকাবাসির অভিযোগ, পারিবারিক যৌথ বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বড় ভাই খোরশেদ আলমের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আলমগীর হোসেন স্থানীয় একটি দোকানে গেলে সেখানে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আলমগীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সময় পথেই তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘দুই ভাইয়ের ঝগড়ার ঘটনায় ছোট ভাই মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’