সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কারের ‘সুরক্ষা’ নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনুপাতে আসন বণ্টন (পিআর) পদ্ধতির দাবি জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দাবিতে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী, যারা বলছে- সংস্কার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। একই সঙ্গে অভিযোগ করেছে, রাজনৈতিক সংস্কারে ঐকমত্যে না এসে বিএনপি-ই নির্বাচন বিলম্বিত করছে।
শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইসলামী আন্দোলনের আয়োজনে ‘গণ–অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব বক্তব্য তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেন, পিআর পদ্ধতি হলো মাদার অব অল রিফর্ম। এটা বাস্তবায়ন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়।