আজকাল প্রায়ই তারকাপাড়ায় এদিক-সেদিক থেকে শোনা যাচ্ছে দীর্ঘকালীন বিয়েতে বিচ্ছেদের সুর। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দূরে সরে যাচ্ছে সময়ের চাইতেও দ্রুত। এমনই আরেকটি সমসাময়িক ও দিনে দিনে অনেকটা স্বাভাবিকত্বে রূপ নিতে যাওয়ার মতো বিষয় হিসেবে সামনে আসে সম্পর্কে প্রতারণা কিংবা একই সময়ে অন্য কারো সঙ্গে জড়িয়ে যাওয়ার ঘটনা।
সুখী সম্পর্কে থেকেও তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটলে একে অন্যকে দোষারোপের আগে যে প্রশ্নটি মাথায় আসে তা হচ্ছে– কী কমতি ছিল? আজকের এ লেখায় এমন কিছু প্রশ্ন নিয়েই কথা বলা হবে। চেষ্টা থাকবে উত্তর সন্ধানের।
নতুন আবিষ্কারের আগ্রহ
আজকের জগতটা এত বেশি বিস্তৃত যে নিজের পছন্দের সঙ্গে মিল আছে, এমন মানুষের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ অনেক বেশি। সামাজিক জীবন ও প্রযুক্তি, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের সম্পৃক্ততার কারণে এই সুযোগ আতশকাঁচের মধ্য দিয়ে আমাদের সামনে ধরা দেয়। বহুদিনের বিশ্বস্ত সঙ্গী থাকার পরও আমরা তখন সেই বাড়তে থাকা জানালার মধ্য দিয়ে নতুন সঙ্গ আবিষ্কারের আনন্দ চাই, আমরা ভাবতে ভালোবাসি– সোলমেট বলে কিছু থেকে থাকলে তার সঙ্গে দেখা হওয়া এখনও বাকি।
নতুন কেউ হাতছানি দিলেই আমরা পুরোনো জীবন ও সঙ্গীর মধ্যে হাজারটা ঘাটতি বের করে নিজেদের এই চিন্তাকে উসকে দিই, নিজেকে দোষীর কাঠগড়ায় না রেখে বরং দোষ দিয়ে বসি ইতোমধ্যে বিদ্যমান সম্পর্কটিকে। তখন ঘরকে মনে হয় কারাগার, আর নতুন সব আমন্ত্রণকে মনে হয় মুক্তি।