বাগেরহাটের ৪টি সংসদীয় আসনই বহাল রাখার দাবিতে জেলা সদরসহ ৯টি উপজেলার সর্বত্র চলছে সকাল-সন্ধ্যা হরতাল। আজ সোমবার ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল-অবরোধ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
জানা যায়, আজ সোমবার ভোর থেকে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও বেরিক্যাড দিয়ে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ ছাড়া বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম, এ সালামের নেতৃত্বে জেলার কোর্ট, নির্বাচন অফিস, নওয়াপাড়া মোড় ও কাটাখালী মোড়ে অবস্থান নিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, হরতালের কারণে বাগেরহাটের সব উপজেলায় নদী পারাপার, যান চলাচল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল পালন করছে। তবে এর আগে বিগত কোনো রাজনৈতিক সরকারের আমলে এমন কঠোর হরতাল পালন হয়নি বাগেরহাটে। এদিকে এ দাবিতে আজ সকালে বাগেরহাট জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
এ কর্মসূচিতে বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।