সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক–কর্মচারীরা। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (১২ অক্টোবর) ঢাকায় বৃহত্তর জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশ থেকেই টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক নেতারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকার যে ৫০০ টাকা বাড়িভাতা বৃদ্ধি করেছে, তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়। বর্তমান বাজার পরিস্থিতিতে এই টাকায় পরিবারের একদিনের বাজারও হয় না। আমরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, সারা দেশ থেকে শিক্ষকরা ইতোমধ্যেই ঢাকায় আসছেন। রোববারের জমায়েত থেকে টানা কর্মবিরতি ও লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে।
আজিজী বলেন, “যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হবে। আমাদের দাবি—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা।”
এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সংগঠনটি ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও সর্বজনীন বদলি চালুর দাবি জানায়। এরপর ১৪ সেপ্টেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে সম্মেলনের কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের ঘোষিত সর্বশেষ কর্মসূচি অনুযায়ী, ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হবে, যদি সরকার দাবি পূরণের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেয়।