সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড বেড়ে চলেছে। ঘনবসতিপূর্ণ এলাকা থেকে শুরু করে শিল্প-কারখানা, বাজার, এমনকি আবাসিক ভবনেও আগুনের লেলিহান শিখা কেড়ে নিচ্ছে মূল্যবান জীবন ও সম্পদ। এসব অগ্নিকাণ্ডের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর । সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং মাঠ পর্যায়ের অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা শিক্ষা অফিসসহ আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, “অগ্নি দুর্ঘটনা এড়াতে এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে অফিস ত্যাগের আগে নিজ নিজ রুমের ফ্যান, লাইট, কম্পিউটার ও এসির প্লাগ খুলে রাখতে হবে। এতে একদিকে যেমন অগ্নিকাণ্ডের ঝুঁকি কমবে, অন্যদিকে বিদ্যুৎ অপচয়ও রোধ হবে।”
এতে আরও উল্লেখ করা হয়, “অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অফিস ত্যাগের সময় বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও এসি বন্ধ করে সতর্কতামূলক ভূমিকা পালন করবেন।”
সম্প্রতি সারাদেশে পরপর বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার পর এই নির্দেশনা জারি করা হলো।