এম, এ কাশেম,
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) বোঝাই দুটি জাহাজ পৌঁছেছে। একই সাথে আরও অন্তত: তিনটি গ্যাসবাহী জাহাজ আসার পথে রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, ১১ এপ্রিল (শনিবার) রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে এসেছে ‘ডিএল লিলি’।
এ ছাড়া ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস ক্যারেজ’। জাহাজ দু’টি বহির্নোঙরের চার্লি ও ব্রাভোতে অবস্থান করছে।
আজ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) নিয়ে আসার কথা রয়েছে ‘কংটং’। সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসবে ‘পল’।
১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে ঢুকবে ‘মারান গ্যাস হাইড্রা’। ১৮ এপ্রিল আসবে এলএনজিবাহী ‘লবিটো’।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কাটাতে বিভিন্ন দেশ থেকে তেল-গ্যাস আমদানি করছে সরকার।