মো. মানিক হোসেন :
রাজশাহীতে ভুয়া ডিজিএফআই পরিচয়ে মামলা ও প্রাণনাশের হুমকি দেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা গোলাম মোস্তফা মাহিমকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটায় মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকা থেকে প্রতারক চক্রের এই মূলহোতাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম মো. শাওন আহমেদ (২৯) আঁচল উন্নয়ন সামাজিক সংস্থার একজন কর্মী। আনুমানিক ১০-১২ দিন পূর্বে মো. গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪) মোবাইল ফোনে ভুয়া ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন এবং মামলা থেকে বাঁচতে তাঁর সাথে দেখা করতে বলেন। তাঁর কথামত বৃহস্পতিবার (২১ নভেম্বর) মতিহার থানাধীন বিনোদপুর বাজারে দেখা করতে যান শাওন। অভিযুক্ত গোলাম মোস্তফা বর্তমানে ডিজিএফআইতে কর্মরত আছেন বলে পরিচয় দেন। তখন তিনি মামলা থেকে বাঁচাতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। কিন্তু ভিকটিম তা দিতে অস্বীকার করেন। গত শনিবার ফোনের মাধ্যমে কল দিয়ে একই ব্যক্তি সেনাবাহিনীর সিও পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি এবং ঐ রাতেই তুলে নিয়ে গিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়ার হুমকি প্রদান করেন।
পরবর্তীতে গত সোমবার গোলাম মোস্তফা পরিচয়ে পুনরায় ফোন দিয়ে চাঁদা দাবী করেন। উল্লেখ্য যে অভিযুক্ত গোলাম মোস্তফা বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত একজন সেনা সদস্য।
অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজী আইনে ভিকটিম বাদী হয়ে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।