মো. মানিক হোসেন :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবহন সুবিধা বাড়াতে শিক্ষকদের জন্য দুটি নতুন বাস সংযোজন করা হয়েছে। আজ (রবিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রশাসন ভবন চত্বরে বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাবির নিজস্ব অর্থায়নে কেনা ৩০ আসনের এ দুটি বাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের মোট বাসের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪টি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, বর্তমান প্রশাসন ২০২৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর পরিবহন সমস্যা সমাধানে যে পরিকল্পনা গ্রহণ করেছিল, তার অংশ হিসেবে নতুন এ দুটি বাস সংযোজন করা হয়েছে।