শ্রাবণ আহমেদ, ঢাকা প্রতিনিধি:
ঢাকা-৪ আসনের প্রায় ৭৫ শতাংশ গ্রাহকের বাসায় দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ নেই বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, প্রায় তিন বছর ধরে চলমান এই সংকটের কারণে এলাকার মানুষ চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন, বিশেষ করে রান্না ও নিত্যপ্রয়োজনীয় কাজে দুর্ভোগ বাড়ছে।
শনিবার রাজধানীর কদমতলীর জনতাবাগ এলাকায় ব্ল্যাক স্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আরও জানান, শুধু গ্যাস নয়—ঢাকা-৪ আসনের মানুষ নানা নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত। এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। ৯টি ওয়ার্ডে নেই কোনো খেলার মাঠ, কমিউনিটি সেন্টার বা মানসম্মত চিকিৎসা সেবা।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং গ্যাস সংকট নিরসনেও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ চলছে।
শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তাদের হাতে অপ্রয়োজনে মোবাইল ফোন না দিয়ে ইতিবাচক শিক্ষায় মনোযোগী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আলাউদ্দিন আল আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম জীবন, আব্দুল আলীম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।