গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় ইব্রাহিম মার্কেট বায়তুল আকসা জামে মসজিদ হতে উত্তর দিকে আহলে হাদিস মসজিদ পর্যন্ত আরসিসি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এবং শহীদুল্লাহ এন্টারপ্রাইজের পরিচালনায় এই উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুর সিটিকে পরিকল্পিত ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” নগরীর এই টেকসই পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করতে তিনি সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল করিম মিঞা এবং স্থানীয় ৪ নং সারদাগঞ্জ ওয়ার্ড বিএনপির নেতা আঃ রহিম মাতাব্বর। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের সাধারণ জনগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।