এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঘুষ গ্রহণকালে দুই লাখ টাকা সহ সাব- রেজিস্ট্রার ও তার ২ সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা।
আটককৃতরা হলেন- পাহাড়তলী সাব- রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।
দুদক সূত্র জানায়, দু’টি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রি করার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি না থাকলেও প্রক্রিয়া আটকে রেখে দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়। পরে সংশ্লিষ্ট আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান চালায় দুদক কর্মকর্তারা। এ সময় গ্রহণকৃত ঘুষের ২ লাখ টাকা সহ ৩ জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে আদালতে সোপর্দ করা হবে বলে ও দুদক সূত্র জানিয়েছে।
ওই রকম ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।