এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। একই সাথে কুমিল্লার বরুড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাজেদুর রহমানকে চলতি দায়িত্বে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।
১৯ আগস্ট (বুধবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যুগ্মসচিব সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ জারির কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তারা।
২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডাঃ জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। তার দায়িত্ব পালনকালে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী সহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বড ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিলো। পরীক্ষার্থীদের সময়মতো এসএমএস না পাওয়া, ওএমআর শিট পূরণ নিয়ে বিভ্রান্তি এবং পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনাও হয়।
এর আগে, সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে সিভিল সার্জনের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ ও ওঠে।
ওই অভিযোগ জানাজানি হওয়ার পর বিষয়টি নিয়ে কার্যালয়ের ভেতরে আপস-মীমাংসার উদ্যোগ নেয়া হয়েছিলো বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রদান ও নবায়ন নিয়েও সিভিল সার্জন কার্যালয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ বিদ্যমান ছিলো বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।