কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:মোঃ আল আমিন
কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন, কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও সমন্বিত ও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার কথা জানান।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবার সমন্বিত প্রচেষ্টায় কিশোরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।