কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
গ্রাম আদালতের হস্তক্ষেপে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে। নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে অভিযোগকারী তার জায়গা ও কর্তিত গাছ ফিরে পেয়েছেন।
জানা যায়, পাটুলী ইউনিয়নের চণ্ডীপাড়া মৌজার খতিয়ান নং-২৫-৩৯৯, আরএস দাগ নং-৩৪৩-এর সোয়া পাঁচ শতাংশ (৫.২৫ শতাংশ) জমির একটি রেইনট্রি গাছ কাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী সারওয়ার জাহান লিটন গত ২২ জুলাই বেলাব থানায় শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম ও মাওলানা ইকবাল হোসেনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৬১) করেন।
পরে একই বিষয়ে পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইরফানুল হক ভূইয়ার কাছে অভিযোগ দিলে বিষয়টি গ্রাম আদালতে পাঠানো হয়। গ্রাম আদালত মামলা নং-৩৪/২০২৬ (তারিখ: ১০ আগস্ট ২০২৬) অনুযায়ী উভয় পক্ষকে নোটিশ দিয়ে শুনানির ব্যবস্থা করা হয়।
অভিযোগে বাদী উল্লেখ করেন, তার মালিকানাধীন জমিতে থাকা একটি রেইনট্রি গাছ শ্রমিক দিয়ে কাটার সময় বিবাদীরা বাধা দেন এবং গাছের অংশ ও লাকড়ি নিয়ে যেতে বাধা সৃষ্টি করেন।
গ্রাম আদালতের শুনানিতে বিবাদী পক্ষ তাদের দাবির পক্ষে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করতে পারেননি। অন্যদিকে বাদী পক্ষ জমির নামজারি, খাজনা পরিশোধের কাগজপত্র, সাফকবলা দলিল, গাছ আটকের ছবি ও ভিডিওসহ প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করেন।
পরে জেলা কর্মকর্তা মিটন সাহেবের পরামর্শে, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের নির্দেশনায় এবং উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা আতাউর রহমান সানির উপস্থিতিতে গ্রাম আদালতের ৫ সদস্যের জুরি বোর্ড সরেজমিনে তদন্ত করে।
গত ৫ সেপ্টেম্বর শনিবার স্থানীয়দের উপস্থিতিতে গ্রাম আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কর্তিত রেইনট্রি গাছসহ সোয়া পাঁচ শতাংশ জমি অভিযোগকারী সারওয়ার জাহান লিটনের দখলে বুঝিয়ে দেওয়া হয়। পরে তিনি সেখানে সীমানা পিলার স্থাপন, গাছ অপসারণ এবং মালিকানার স্বপক্ষে সাইনবোর্ড স্থাপন করেন।
অভিযোগকারী গ্রাম আদালতের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা জানান, গ্রাম আদালতের কার্যকর উদ্যোগের কারণে দীর্ঘদিনের জমি বিরোধ সহজেই সমাধান হয়েছে।