এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার লালদিঘি এলাকায় অবস্থিত আগ্রণী ব্যাংক পিএলসির করপোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘গায়েব’ হয়ছ যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ব্যাংকের ২জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ২জন হলেন সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোঃ কামরুল হোসেন (৪২) এবং সিনিয়র অফিসার মোঃ জাফরুল্লাহ তানভীর (২৮)।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ভল্টের ওই টাকা গ্রাহকদের জমা দেয়ার অর্থ।
মামলার এজাহার অনুযায়ী, ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকা কামরুল হোসেন ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষে হিসাবের সাথে ভল্টে থাকা টাকার পরিমাণে গরমিল দেখতে পান। পরে ভল্টের রেকর্ড, নথি ও সংশ্লিষ্ট হিসাব পর্যালোচনা করে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি পাওয়া যায়।
কামরুল হোসেন এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওই রাতেই অগ্রণী ব্যাংকের লালদীঘি পূর্ব করপোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ কামরুল হোসেন, জাফরুল্লাহ তানভীর সহ অজ্ঞাত আরো একাধিকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, ভল্টে টাকা রাখার সময় বড় বান্ডেলের ভেতরে ১ হাজার টাকা বা তার কম মূল্যমানের নোট ঢুকিয়ে বান্ডেল তৈরি করা হতো। এতে হিসাবে উল্লেখ করা পুরো টাকা ভল্টে আছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে টাকার পরিমাণ কম থাকতো।
এজাহারে আরও বলা হয়েছে, ভল্ট থেকে সরানো টাকা বিশেষ ব্যবস্থায় জাফরুল্লাহ তানভীরের কাছে বিনিয়োগ করা হয়। ওই টাকা দিয়ে হাটহাজারীর উত্তর বুড়িশ্চরে ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলা হয় বলে অভিযোগ করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, খামারটিতে বর্তমানে বিভিন্ন জাতের প্রায় ৫০ থেকে ৬০টি গরু রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইকবাল হোসেন বলেন, ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আসামিদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপের যোগাযোগের রেকর্ড ও তথ্য এবং ৬৪ জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে।
ইকবাল হোসেন বলেন, ‘মামলাটি তদন্তাধীন। ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ‘ঘটনার বিষয়ে মামলা হয়েছে। ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
এদিকে আগ্রণী ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ মোতাহের হোসেন বলেন, টাকার ঘাটতি ও এতে কারা জড়িত, তা নির্ধারণে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা চলছে।
তিনি বলেন, ‘নিরীক্ষা শেষ হলে বিস্তারিত জানা যাবে।’